ঐতিহাসিক মহান মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখরিত ছিল পুরো চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশ রংমিস্ত্রি শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিভাগের আওতাধীন কুমিল্লা, ফেনী, বান্দরবান, আনোয়ারা, পেকুয়া, মানিকছড়ি এবং চন্দনাইশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ করে পর্যটন শহর বান্দরবানে ছিল চোখে পড়ার মতো আয়োজন। সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি গোলাম মঈনউদ্দিন ময়ূর বান্দরবন জেলার সভাপতি মনির হোসেন এর উপস্থিতিতে সকাল ১০টায় বান্দরবান জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং কর্মক্ষেত্রে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শ্রমজীবী মানুষের ঘাম ও ত্যাগের সম্মান রক্ষায় মালিক-শ্রমিক ও প্রশাসনসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।