প্রাকৃতিক দুর্যোগের বন্যা কবলিত এই কঠিন সময়ে অসহায় ও গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে এগিয়ে এসেছে ৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরাম। সম্প্রতি দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের এই মানবিক কার্যক্রম বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী প্রবাসী ঐক্য পরিষদের সদস্য শহীদ, ফজলুল। এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেছেন দোহাজারী পৌরসভা ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব ইদ্রিস । দুবাই প্রবাসী ফোরামের আয়োজনে স্থানীয় ৩৫০ জন বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
‘৪নং ওয়ার্ড দুবাই প্রবাসী ফোরাম’-এর সার্বিক ব্যবস্থাপনায় পুরো কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ‘মানবতার সেবায়, দুর্যোগে-দুর্বিপাকে মানুষের পাশে’এই স্লোগানকে সামনে রেখে কাজ করা এই ফোরামটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। প্রবাসে অবস্থান করেও নিজের এলাকার মানুষের বিপদে এগিয়ে আসার এই সংস্কৃতি স্থানীয় ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সংহতিকে আরও সুদৃঢ় করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপন্ন মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।