
চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) এলাকার ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতিকে বৈশ্বিক আঙিনায় তুলে ধরতে আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) থেকে গাছবাড়িয়া কলেজ মাঠে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বিশাল ‘বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩’। চন্দনাইশ উপজেলা সম্মিলিত বর্ষবরণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই উৎসব সফল করতে সাবেক ছাত্রনেতা ও গত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজুকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও মোরশেদুল আলম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেনের দিক-নির্দেশনায় এবং সংসদ সদস্যের সার্বিক পৃষ্ঠপোষকতায় এই মেলা পরিচালিত হবে।
উৎসবের প্রথম দিন ১৪ এপ্রিল সকাল ৮টায় বরুমতি ব্রিজ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। চার দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন মুক্তমঞ্চে থাকবে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি শিল্পীসহ ঢাকার জাতীয় পর্যায়ের শিল্পীরা অংশগ্রহণ করবেন। জারি, সারি, ভাটিয়ালি, মাইজভান্ডারী ও আঞ্চলিক গানের পাশাপাশি পরিবেশিত হবে মনোজ্ঞ নৃত্য। মেলায় দুই শতাধিক স্টল স্থান পাবে, যার মধ্যে থাকবে পিঠাপুলি, পান্তা-ইলিশ, হস্ত ও কুটির শিল্প এবং মৃৎশিল্পের সমাহার। স্থানীয় উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতিতে স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে।
আগ্রহীদের চন্দনাইশ বর্ষবরণ পরিষদ অফিস থেকে ফরম সংগ্রহ করতে অনুরোধ করেছেন উদযাপন কমিটি। উৎসবের শৃঙ্খলা ও সফল ব্যবস্থাপনার লক্ষ্যে বেশ কিছু উপ-কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্তরা হলেন অভ্যর্থনা, আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর (আহ্বায়ক), মোরশেদুল আলম মুন্না (সদস্য সচিব), মোহাম্মদ আব্দুল মাবুদ মাহাবুব (আহ্বায়ক), তারেকুল ইসলাম টুটুল (সদস্য সচিব), স্বেচ্ছাসেবক:মোঃ মারুফ (আহ্বায়ক), সেলিম উদ্দিন (সদস্য সচিব), সাংস্কৃতিক: অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য (আহ্বায়ক), অশ্রু বড়ুয়া (সদস্য সচিব), চিকিৎসা: ডা: মো. হারুনুর রশিদ আকাশ (আহ্বায়ক), ডা: অর্পিতা দে (সদস্য সচিব), আইন-শৃঙ্খলা: ওসি মো: ইলিয়াস খান (আহ্বায়ক), ইফতেখার হোসেন ইফতু (সদস্য সচিব)। এছাড়া অর্থ উপ-কমিটিতে ওরশেদুল আলম মিন্টু ও মো. এরশাদ এবং স্টল বরাদ্দ উপ-কমিটিতে মো. নাছির উদ্দীন ও শহীদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হাশেম রাজু জানান, এই মেলার মাধ্যমে এলাকার প্রায় ৫ লক্ষ মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটবে। উৎসবকে সার্থক করতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি