
পবিত্র রমজান উপলক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ ইউ.এ.ই.-এর উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের গরিব, দুস্থ ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকাল ৩টায় দোহাজারী রূপনগর কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব লোকমান হাকিম। সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাহাফুজুর রহমান, সংগঠনের প্রচার সম্পাদক আবদুল মজিদ, সদস্যবৃন্দ: শহীদ, ফারুক, ফরিদ, বোরহান, মিয়া হোসেন, আবদুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব লোকমান হাকিম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। দোহাজারী পৌরসভা প্রবাসী ঐক্য পরিষদ যেভাবে ৯টি ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে, তা সাম্য ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাই, আপনারাও এই প্রবাসীদের মতো পবিত্র রমজানে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন। আলোচনা সভা শেষে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৪ শতাধিক নিম্নআয়ের মানুষের হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।