
জাতীয় নিরাপত্তা রক্ষায় উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান-
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহাসিক মাইজভাণ্ডার দরবার শরীফে প্রখ্যাত অলীয়ে কামেল,শায়খুল ইসলাম, হুজুর গাউছুল ওয়ারা হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ক.)-এর ৮৯-তম বার্ষিক তিনদিনব্যাপী খোশরোজ শরীফ বিশ্ব মানবতার শান্তি ও মুক্তি কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারী লাখো আশেক-ভক্তের ‘আমিন আমিন’ধ্বনিতে মুখর হয়ে ওঠে মাইজভাণ্ডার দরবার প্রাঙ্গণ। সমাপনী দিনের কর্মসূচির মধ্যে ছিল—বাদে ফজর রওজা শরীফে গোসল,গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পণ,খতমে কোরআন,খতমে গাউসিয়া,মিলাদ মাহফিল,জিকির-আজকার,ভক্তদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প,রক্তের গ্রুপ নির্ণয়,যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি।এছাড়া বিকেলে হযরত গাউছুল ওয়ারা (ক.)-এর জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা,মিলাদ কিয়াম,ছেমা মাহফিল,তবারুক বিতরণ এবং ভোররাতে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে রাতে মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া দরসে নেজামী আলিম মাদ্রাসা ও হেফজখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এ বছর হেফজ সম্পন্নকারী ১১ জন হাফেজে কুরআনকে পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী বলেন, যুগে যুগে নবী-রাসূল ও আউলিয়ায়ে কেরামগণ ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন। অথচ আজ অন্যায়,অবিচার,উগ্রবাদ,লুটপাট ও মব জাস্টিসের মতো অপরাধ সমাজে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন,কিছু বিপথগামী ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে ধর্মের অপব্যাখ্যা করে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে,যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এসব উস্কানি দাতাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরও বলেন,ইসলামী শরিয়তে আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুমতি দেয় না। কোনো ব্যক্তির অপরাধের বিচার একমাত্র রাষ্ট্রীয় বিচারব্যবস্থার মাধ্যমেই হতে হবে। ইসলামী দণ্ডবিধির মূলনীতি হলো—সন্দেহ শাস্তি রহিত করে। সুতরাং গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইসলামে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দেশ-বিদেশ থেকে আগত লাখো আশেক-ভক্তের জন্য থাকা-খাওয়া,প্রাথমিক চিকিৎসা,পার্কিং, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হয়। স্থানীয় প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় কর্মসূচী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
খোশরোজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা আলহাজ্ব সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী,শাহজাদা আলহাজ্ব সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী,মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরীসহ দেশবরেণ্য আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সালাত ও সালাম শেষে দুর্দশাগ্রস্ত মানুষের মুক্তি এবং দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মা.জি.আ.)।